অনলাইনে মিলবে রপ্তানি খাদ্যপণ্যের সনদ

৬ আগষ্ট, ২০২৩ ২১:৫১  

এখন থেকে রপ্তানি ও পণ্যের গুণগতমান বৃদ্ধি এবং অল্প সময়ে পণ্য রপ্তানির সনদপত্র দিতে পারবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। রপ্তানিকারকরা অনলাইনে বিএফএসএর ওয়েবসাইটে আবেদন করে অফিসে বসেই এ সনদ পাবেন।
এ লক্ষ্যে রোববার রাজধানীর গুলশানে হোটেল রেনেসন্সে ই-হেলথ সার্টিফিকেট ও অনলাইন ল্যাবরেটরি রেপোজিটরি শীর্ষক একটি প্রকল্প উদ্বোধন করেছেন খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্প ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানি ও পণ্যের গুণগতমান বৃদ্ধি এবং অল্প সময়ে পণ্য রপ্তানির সনদপত্র প্রদান করবে বিএফএসএ।

অনুষ্ঠানে খাদ্যসচিব বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিটিএফ প্রজেক্টের আয়োজনে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে পুরো জাতি উপকৃত হবে। এর মাধ্যমে একদিকে যেমন রপ্তানি বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে।

অতীতের তিক্ত অভিজ্ঞতার উদাহরণ দিয়ে স্বাস্থ্য সনদের গুণগতমান নিয়ে কোনো আপোষ করা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।

তিনি বলেন, এর মাধ্যমে খাদ্যের অপচয় রোধ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও বৈশ্বিক মানের সাথে সমন্বয় করে পণ্য উৎপাদন সহজ হবে।

উপস্থিত অতিথির বক্তব্যে মার্কিন কৃষিবিষয়ক অ্যাটাচি সারা গিলস্কি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল স্বাস্থ্য সনদ আমদানি-রপ্তানি বাড়ানো, গুণগতমান বৃদ্ধি, পরীক্ষা সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুর কাইউম সরকার বলেন, ই-হেলথ সার্টিফিকেশন ও ল্যাব অটোমেশনের সম্মিলনে খাদ্যের গুণগতমান ও রপ্তানি বাড়বে। পাশাপাশি দেশের অভ্যন্তরে খাদ্যের নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।